প্রধান খবর

ফাঁসি ছাড়া রায় মানবেন না আছিয়ার মা

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেবেন না বলে জানিয়েছেন শিশুটির মা মোছা. আয়েশা বেগম। মঙ্গলবার (২৫ আগস্ট) হাইকোর্টে মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে যাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি চান। তার ভাষ্য, মামলাটি বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে এবং ফাঁসি ছাড়া অন্য কোনো রায় তিনি মেনে নেবেন না।

এদিন মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণার কথা ছিল। তবে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য আগামী সোমবার (৩১ আগস্ট) নতুন তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন এবং তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় সময় চাওয়া হয়েছে।

আছিয়ার মা বলেন, মামলার এক বছর ছয় মাসের মতো সময় পেরিয়ে গেলেও রায় বারবার পিছিয়ে যাচ্ছে। আদালত যদি ফাঁসির রায় দিতে না পারেন, তাহলে আসামিদের ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি। মামলায় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান রয়েছেন। বিচারিক আদালতে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় গত বছরের ৫ মার্চ রাতে আট বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দেয় এবং মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ হয়। মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানোর পর ডেথ রেফারেন্স ও আসামির আপিলের ওপর শুনানি হয়। আগামী ৩১ আগস্ট মামলাটির রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *