ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার হার্দিক পান্ডিয়া পতাকা অবমাননার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উদযাপনের সময় জাতীয় পতাকা ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ভারতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের পর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে উদযাপন শুরু করেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সময় হার্দিক পান্ডিয়া পিঠে ভারতীয় জাতীয় পতাকা জড়িয়ে উদযাপন করেন। একপর্যায়ে তিনি পতাকাসহ মাঠের ঘাসে শুয়ে পড়েন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর পুনের আইনজীবী ওয়াজিদ খান শিবাজি নগর থানায় পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে আবেদন করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, এটি এফআইআর দায়েরের প্রাথমিক ধাপ হিসেবে জমা দেওয়া হয়েছে।
অভিযোগকারী ওয়াজিদ খানের দাবি, জাতীয় পতাকা শরীরে জড়িয়ে মাঠে শুয়ে পড়া পতাকার মর্যাদার পরিপন্থী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এই ভারতীয় অলরাউন্ডার আইনি জটিলতার মুখোমুখি হতে পারেন বলে জানা গেছে।

