ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আরও ১৫০ জন পারমাণবিক বিশেষজ্ঞকে নিরাপদে সরিয়ে নিয়েছে রাশিয়া। বুধবার (১১ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ এ তথ্য জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে তিনি জানান, ১০ থেকে ১১ মার্চ রাতের মধ্যে বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার দ্বিতীয় ধাপের কার্যক্রম সম্পন্ন হয়েছে। উদ্ধার করা কর্মীরা সীমান্ত পেরিয়ে আর্মেনিয়ায় প্রবেশ করেছেন এবং সেখান থেকে ধাপে ধাপে নিজ দেশে ফিরে যাচ্ছেন।
এই উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা সংস্থা এবং ইরান ও আর্মেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন রোসাটম প্রধান।
তবে তিনি আরও জানান, বর্তমানে প্রায় ৪৫০ জন রুশ কর্মী এখনও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দায়িত্ব পালন করছেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল রাখা এবং স্থাপনার কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে তাদের আপাতত সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

