প্রধান খবর

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় পেছাল

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় হাইকোর্টের চূড়ান্ত রায় ঘোষণার দিন পিছিয়ে গেছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রায় প্রকাশের কথা থাকলেও সকালে আদালত তা পিছিয়ে আগামী ৩১ আগস্ট রায়ের নতুন দিন ধার্য করেছেন।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই সিদ্ধান্ত দেন। আদালতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক আইনি শুনানিতে অংশ নেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে নির্মম পাসবিক নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান তার বোনের শ্বশুর হিটু শেখ। পরবর্তীতে মারাত্মক দগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিষ্পাপ শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনকে অভিযুক্ত করে মাগুরা থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষ করে ২০২৫ সালের ১৩ এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ গঠনের পর বিচারিক আদালতে মাত্র ১৩ কার্যদিবসের মধ্যে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করা হয়, যেখানে রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী দেন। গত বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। তবে অপর তিন আসামি—সজীব শেখ, তার ছোট ভাই এবং জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

নিয়মানুযায়ী নিম্ন আদালতের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) নথি ও পেপারবুক প্রস্তুতের পর হাইকোর্টে শুনানির কার্যক্রম সম্পন্ন হয়। আগামী ৩১ আগস্ট ঘোষিত রায়ের মধ্য দিয়েই জানা যাবে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের বিষয়ে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *