সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে তাঁরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। তাঁদের সাথে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তবে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে উপস্থিত থাকতে দেখা যায়নি।
পুষ্পস্তবক অর্পণ শেষে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতা শেষে তাঁরা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজ নিজ অনুভূতি প্রকাশ করে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদনের সার্বিক বিষয়ে গণপূর্ত বিভাগের উপ-কৌশলী আনোয়ার হোসেন আনু জানান, তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী স্মৃতির সৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রীদের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন পর্ব শেষ হওয়ার পরপরই স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

