রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ড. আসিফ নজরুল, ড. সৈয়দা রিজওয়ানা হাসান, শফিকুল আলম, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, মো. হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, সারজিস আলম, সামান্থা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, আরিফুল ইসলাম আদিব এবং সালেহ উদ্দিন সিফাত।
এছাড়াও আবেদনে নাম থাকা অন্যান্য অভিযুক্তরা হলেন- পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, ড. কনক সারোয়ার, অব. কর্নেল নূরন্নবী, তাহরিমা জান্নাত সুরভী, মো. মিলন, ফাহিম আল চৌধুরী এবং আবুল কালাম আজাদ।
অভিযোগে উল্লেখ করা হয়, ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনটিতে ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় অভিযুক্তদের পরোক্ষ ও প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। আদালত থেকে পরবর্তীতে মামলাটি সংক্রান্ত চূড়ান্ত আদেশ প্রকাশ করা হবে।

