ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরও অনুষ্ঠান চলতে থাকে।
এ সময় দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী উচ্চশব্দে গান বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছে জানিয়ে শব্দ কমানোর অনুরোধ করেন। বিষয়টি নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সে প্রবেশ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন।
শিক্ষার্থীরা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এ বিষয়ে জেলা পুলিশ সুপারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

