প্রধান খবর

ভারতে হোটেলে অ’গ্নি’কা’ণ্ড: স্ত্রী-সন্তান-শ্বশুরসহ প্রা’ণ হারালেন বাংলাদেশি সাংবাদিক!

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশি নাগরিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছরের শিশুসন্তান স্বর্ণ শীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৪)।

প্রয়াত দেবাশীষ দত্ত কুষ্টিয়ার স্থানীয় দৈনিক ‘আজকের আলো’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন এবং জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’-র কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান তাদের এই মর্মান্তিক প্রয়াণের বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী আফসানা সিমমিনের জটিল চিকিৎসার জন্য গত ৩ আগস্ট ভারতে যান দেবাশীষ দত্ত। বেঙ্গালুরুতে চিকিৎসা প্রদান শেষে তাঁরা দেশে ফেরার উদ্দেশ্যে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকার এক আবাসিক হোটেলে সাময়িকভাবে অবস্থান করছিলেন। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ হোটেলটিতে আগুন লেগে চারদিক ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে দম বন্ধ হয়ে একই পরিবারের চার সদস্য প্রাণ হারান।

নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তাঁর শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, দেবাশীষ দত্তের আট বছর বয়সী আরেকটি কন্যাসন্তান রয়েছে। এক মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের চার সদস্যকে হারিয়ে স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। এই ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক মহল ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *