প্রধান খবর

সম্পত্তির লোভে মৃত বাবার আঙুলের ছাপ নিলেন ছেলে

ভারতের উত্তরপ্রদেশে সম্পত্তির মালিকানা নিজের নামে হস্তান্তর করতে মৃত বাবার আঙুলের ছাপ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অমানবিক এই ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের খাদায়ুনহা গ্রামে। পারিবারিক সম্পত্তির দখল নিয়ে কোনো পূর্ববিরোধ ছিল কি না তা স্পষ্টভাবে জানা না গেলেও, কেবল জমি ও সম্পত্তি সংক্রান্ত নথিপত্র তৈরির উদ্দেশ্যেই মৃত বৃদ্ধের আঙুলের ছাপ নেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, ছাই রঙের চাদরে ঢাকা অবস্থায় বিছানায় শুয়ে আছেন ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ। পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতেই এক যুবক চাদরের নিচ থেকে মৃতের হাত বের করে আনেন। এরপর পাশে থাকা অন্য এক ব্যক্তির সহযোগিতায় বৃদ্ধাঙ্গুলিতে কালি মেখে সতর্কতার সাথে একটি সাদা কাগজে তাঁর ছাঁপ বসিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত এক ব্যক্তিকে কীভাবে ছাপ নিতে হবে সে বিষয়ে নির্দেশনা দিতেও দেখা যায়।

মৃত্যুর পরও সম্পত্তির জন্য এমন নিষ্ঠুর কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে কঠোর সমালোচনা। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভিডিওটির সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *