ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার ১ নম্বর আসামি ও তাঁর সাবেক স্ত্রী সামিরা হক দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা আশরাফুল হক ডন বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার পর থেকেই সামিরার গোপনে দেশত্যাগের এই বিষয়টি নতুন করে আলোচনা ও গুঞ্জনের জন্ম দিয়েছে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, মামলাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও আইনি প্রক্রিয়া জোরদার হওয়ার পরই সামিরার দেশ ছাড়ার খবরটি সামনে আসে। সূত্রের দাবি, ডন গ্রেপ্তার হওয়ার পর গ্রেপ্তার এড়াতে সামিরা গোপনে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন। তবে তিনি ঠিক কবে, কোন পথ দিয়ে এবং কীভাবে দেশ ত্যাগ করেছেন—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
প্রয়াত নায়ক সালমান শাহর মামা আলমগীর কুমকুমের দায়ের করা নতুন হত্যা মামলায় প্রধান (১ নম্বর) আসামি করা হয়েছে সামিরা হককে। মামলাটিতে সামিরা ও অভিনেতা ডন ছাড়াও মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। দীর্ঘ দিন ধরে ঝুলন্ত থাকা এই অপমৃত্যু মামলাটি সম্প্রতি হত্যা মামলা হিসেবে নতুন মোড় নেয় এবং তদন্তপ্রক্রিয়া নতুন করে গতি পায়।
তবে সামিরা সত্যিই সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছেন কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্পষ্টীকরণ এখনও মেলেনি। ইমিগ্রেশন পুলিশ জানায়, মামলার আসামিদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও সামিরার দেশত্যাগের বিষয়ে সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান চিত্রনায়ক সালমান শাহ।

