প্রধান খবর

আজ বিরল পূর্ণ সূর্যগ্রহণ: বাংলাদেশ থেকে কি দেখা যাবে ?

ঝলমলে দিনের আলো পেরিয়ে হঠাৎ আকাশে নেমে আসবে নিকষ কালো অন্ধকার, দিনের মাঝেই সৃষ্টি হবে রাতের আবহ-আজ বুধবার (১২ আগস্ট) পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে দেখা যাবে এমনই এক রোমাঞ্চকর মহাজাগতিক দৃশ্য ‘পূর্ণ সূর্যগ্রহণ’। আকাশে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে এসে সূর্যের পুরো চাকতিটিকে ঢেকে ফেলবে, তখনই ঘটবে এই মহাজাগতিক মিলন। তবে ভৌগোলিক অবস্থান ও সময়ের ভিন্নতার কারণে বাংলাদেশের আকাশ থেকে এই দৃশ্য দেখার সুযোগ থাকছে না।

ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, এবারের পূর্ণ সূর্যগ্রহণের মূল পথের রেখা অতিক্রম করবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেনের নির্দিষ্ট অঞ্চল এবং রাশিয়ার একটি অংশের ওপর দিয়ে। এসব অঞ্চলে সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। গ্রহণটি চলাকালীন সংশ্লিষ্ট এলাকাগুলোতে হঠাৎ তীব্র আলো কমে রাতের মতো অন্ধকার নেমে আসবে, যার প্রভাবে পশুপাখির স্বাভাবিক আচরণেও সাময়িক বিভ্রান্তি দেখা দিতে পারে। এছাড়া ইউরোপের অন্যান্য একাধিক অঞ্চলে এটি আংশিক সূর্যগ্রহণ হিসেবে দৃশ্যমান হবে।

যদিও এই মহাজাগতিক ঘটনার ছায়ার এক বড় অংশ জনবসতিহীন সমুদ্র ও মেরু অঞ্চল দিয়ে অতিক্রম করবে, তবুও বিরল এই দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করতে ইতোমধ্যে ইউরোপ ও স্পেনের বিভিন্ন পয়েন্টে সমবেত হয়েছেন হাজার হাজার বিজ্ঞানী, পর্যটক ও আকাশপ্রেমী। স্পেনে দীর্ঘদিন পর পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাওয়ায় গোটা ইউরোপ জুড়ে উন্মাদনা তুঙ্গে উঠেছে।

বাংলাদেশ থেকে এই পূর্ণ সূর্যগ্রহণ দেখতে না পাওয়ার প্রধান কারণ হলো আন্তর্জাতিক সময় অঞ্চল। সূর্যগ্রহণটি যখন সর্বোচ্চ সীমায় পৌঁছাবে, তখন বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলে থাকবে গভীর রাত। ফলে চাঁদের আড়ালে সূর্যের লুকিয়ে যাওয়ার এই রোমাঞ্চকর দৃশ্য সরাসরি দেখতে না পেলেও, প্রযুক্তির কল্যাণে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ও লাইভ স্ট্রিমের মাধ্যমে তা উপভোগ করতে পারবেন মহাকাশপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *