সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (১০ আগস্ট) জারি করা পরিপত্রে সরকারি কার্যালয়ে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে।
এ ছাড়া অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রের বাস্তবায়ন ও কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে।
পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।

