প্রধান খবর

ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন নারী কেলেঙ্কারির অভিযোগ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফায় মহাসচিব থাকাকালে এক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই নারী কর্মীকে বড় অঙ্কের অর্থ ও এমবিএ শিক্ষার ব্যয় দিয়ে উয়েফা থেকে বিদায় করা হয়েছিল। তবে ইনফান্তিনো এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনের বরাতে দ্য সান জানায়, উয়েফার ওই নারী কর্মীর সঙ্গে ইনফান্তিনোর ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল বলে অভিযোগ। সম্পর্কের সময় ওই কর্মীকে ব্যবস্থাপনা পর্যায়ে পদোন্নতিও দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে তৎকালীন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ইনফান্তিনোকে প্রশ্ন করেছিলেন। পরবর্তী সময়ে ওই নারী কর্মীকে একটি বড় অঙ্কের বিদায়ী অর্থ এবং স্থানীয় একটি বিজনেস স্কুলে এমবিএ করার খরচ দেওয়া হয়।

উয়েফার এক মুখপাত্র অর্থ ও শিক্ষাব্যয় দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও দাবি করেছেন, সে সময়কার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ীই এসব সুবিধা দেওয়া হয়েছিল। ২০১৬ সাল থেকে এ ধরনের নিয়ম আরও কঠোর করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ফিফার পক্ষ থেকে অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ উল্লেখ করে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। সংস্থাটির দাবি, ইনফান্তিনোর আচরণ নিয়ে কোনো কর্মী কখনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি এবং সংশ্লিষ্ট সব আর্থিক সিদ্ধান্ত প্রচলিত বিধি মেনেই নেওয়া হয়েছে।

ইনফান্তিনো ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফিফার সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি দীর্ঘ ১৬ বছর উয়েফায় কাজ করেন। নতুন অভিযোগ এমন সময় সামনে এলো, যখন ফিফা সভাপতির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার ওপর চাপ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *