প্রধান খবর

কোকোর নাম বিকৃতি অভিযোগে আমির হামজার বিরুদ্ধে মামলা

আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের এক নেতার করা মামলার মুখোমুখি হয়েছেন কুষ্টিয়া সদর–৩ আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। রোববার কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন।

মামলার বাদী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব। তিনি এক আইনজীবীর মাধ্যমে আদালতে মামলা করেন। অভিযোগে বলা হয়েছে, আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননাকর মন্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বিদ্রূপমূলক বক্তব্য প্রদান করা হয়েছে, যা মানহানিকর ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য।

বাদী সোলাইমান চৌধুরী শিহাব জানান, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এ মামলা দায়ের করেছেন। তার দাবি, এটি কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়নি; বরং প্রকাশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আদালত বিষয়টি নিরপেক্ষভাবে বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করবেন।

মামলার আইনজীবী আব্দুল মজিদ বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত দেবেন আদালতই। তবে এ বিষয়ে মুফতি আমির হামজার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে।

এদিকে মুফতি আমির হামজার ব্যক্তিগত সহকারী আবু বকর জানান, এখনো আদালতের কোনো নোটিশ তাদের হাতে পৌঁছায়নি। নোটিশ পাওয়ার পর তারা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি উল্লেখ করেন।

এর আগে, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম উচ্চারণের সময় অবমাননাকর শব্দ ব্যবহার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বক্তব্যটির একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে গত ১৭ জানুয়ারি মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে এসে ওই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *