চট্টগ্রামের বন্যাদুর্গত ৩টি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এই সফর চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন; তা এখন পর্যন্ত চূড়ান্ত।’
দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। সফরকালে তিনি বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত ও সাধারণ মানুষের মাঝে সরাসরি ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি সরকারি সাহায্যে পুনর্নির্মিত নতুন ঘরবাড়ি গৃহহারা পরিবারগুলোর কাছে হস্তান্তর করবেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন বন্যাবিধ্বস্ত পরিবারগুলোর জন্য ঘর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করছে। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়িতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন এবং পুনর্নির্মিত ১০০টি নতুন ঘর হস্তান্তরসহ দুর্গতদের মাঝে ত্রাণ তুলে দেবেন। তার যাতায়াতের সুবিধার্থে উপযুক্ত স্থানে হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে।
প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং দলীয় পর্যায়ে ব্যাপক জোর প্রস্তুতি শুরু হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, সফরের সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক রূপরেখা নির্ধারণে সোমবার গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দলীয়ভাবে তাকে উষ্ণ সংবর্ধনা জানাতে নেতাকর্মীরা উদগ্রীব হয়ে আছেন।
সার্বিক প্রস্তুতির বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। চূড়ান্ত সফরসূচি হাতে পাওয়া মাত্রই যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করা হবে।

