প্রধান খবর

ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আংশিক স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে খিলগাঁও থানার একটি হত্যা মামলায় তার জামিন স্থগিত হলেও মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাষ্ট্রপক্ষের দায়ের করা জামিন স্থগিতাংশের আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রুল নিষ্পত্তি সাপেক্ষে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার সুমনকে দুটি মামলায় জামিন মঞ্জুর করেছিলেন। মামলা দুটির একটি ছিল খিলগাঁও থানার হত্যা মামলা এবং অন্যটি মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলা। পরবর্তীতে হাইকোর্টের ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।

শুনানি শেষে চেম্বার বিচারপতির সিদ্ধান্তের কথা জানিয়ে ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ বলেন, খিলগাঁও থানার হত্যা মামলায় দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করা হয়েছে। তবে মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় তার জামিন আদেশ বহাল রয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে সাবেক এই সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *