সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২ মার্চ) বিকেলে সংস্থাটি দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও বিভিন্ন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি প্রেরণ করে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংকসমূহকে আসিফ মাহমুদের ব্যক্তিগত হিসাবের বিস্তারিত তথ্য সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট সকল লেনদেন ও হিসাবের নথি বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
এর আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ দাবি করেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়াকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, দুদকের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে তিনি প্রস্তুত।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি সাবেক অন্তর্বর্তী সরকার অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে আসিফ মাহমুদের সম্পদ বিবরণী প্রকাশ করে। প্রকাশিত তথ্যে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তার সম্পদের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ ছিল না। তবে ২০২৪-২০২৫ মেয়াদে তার আর্থিক সম্পদের পরিমাণ ১৪ লাখ ২৪ হাজার ৭১৪ টাকা এবং অ-আর্থিক সম্পদ ১ লাখ ১০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। উপদেষ্টা থাকাকালে দেশের বাইরে তার কোনো সম্পদ নেই বলেও জানানো হয়। তার মোট সম্পদের পরিমাণ ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ২৮ হাজার ৬৬৯ টাকা বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে। সম্পদ বিবরণীতে ২০২৩-২৪ অর্থবছরে তার টিআইএন সনদ না থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

