গ্রেপ্তার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন। সোমবার (২৭ জুলাই) শুরু হওয়া এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ইসরায়েল ইন অ্যারাবিক’-এর সরকারি অ্যাকাউন্ট জানায়, ট্রাম্পের আমন্ত্রণেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু।

সফরের আগে নেতানিয়াহু জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির গ্রেপ্তারের আহ্বান সত্ত্বেও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা বজায় রেখেছেন। এর আগে মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানান।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *