দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২৬ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দিনাজপুর জেলার পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
এদিকে, লালমনিরহাট ও রংপুর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভারপ্রাপ্ত দায়িত্বে নতুন নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে। লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং রংপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নেতারা তাঁদের দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক কার্যক্রম সচল ও কার্যকর রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

