এসএসসি ও সমমান পরীক্ষার ফলের অপেক্ষায় থাকা প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর জন্য স্বস্তির সংবাদ মিলেছে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন করে ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পরীক্ষার বিভিন্ন সময়সূচি পরিবর্তনের কারণে ফল প্রকাশেও বিলম্ব হয়েছে। তবে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো কাজ করছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুত করার চেষ্টা চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখ অনুযায়ী ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্রও জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় এবার কিছুটা বিলম্ব হচ্ছে।

