পদত্যাগের পর সপরিবারে বঙ্গভবন ছাড়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন সদ্য বিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ রোববার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছেড়ে তিনি গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত তাঁর নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’য় উঠবেন বলে জানা গেছে।
স্থানান্তরের অংশ হিসেবে ইতিমধ্যে রাজধানীর গুলশানের ওই ভবনে প্রয়োজনীয় সংস্কারকাজ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভবনটির নিরাপত্তাকর্মীদের সূত্রে জানা যায়, সাবেক এই রাষ্ট্রপতি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে বসবাস করবেন। কয়েক দিন আগে তিনি নিজে উপস্থিত থেকে ভবনের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন। ওই সময় তাঁর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রতিনিধিরা ভবনটিতে নতুন সরকারি টেলিফোন সংযোগ স্থাপন করেছেন। বিটিসিএল কর্মকর্তা জানান, তিনি ইতিপূর্বে রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পর এই বাসভবনের পুরোনো টেলিফোন লাইন বাতিল করা হয়েছিল, যা এখন পুনরায় চালু করা হয়েছে।
বঙ্গভবনের সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব ছাড়ার প্রক্রিয়া হিসেবে আগেই কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিদায়ি রাষ্ট্রপতির ব্যক্তিগত মালামাল ইতিমধ্যে বাসভবনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

