প্রধান খবর

সোশ্যাল মিডিয়ায় আইশোস্পিডের রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যরাতে প্রকাশিত একটি সেলফি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিতর্কিত ‘নিট-ইউজি’ প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের ‘সিজেপি’ আন্দোলনের পেক্ষাপটে ধারণ করা এই ভিডিওটি প্রকাশের পর ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি দেখা শর্ট ভিডিওর নতুন বিশ্বরেকর্ড গড়েছে বলে দাবি করেছে ভারতের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি প্রকাশের পর নরেন্দ্র মোদির সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী সংখ্যা প্রায় ১০ লাখ বৃদ্ধি পেয়ে ১০ কোটি ২০ লাখে পৌঁছেছে। এর মাধ্যমে বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসেবে ১০ কোটির বেশি অনুসারী অর্জনের একক রেকর্ডও নিজের দখলে নিলেন তিনি।

গত ২৩ জুলাই রাত ১১টা ৫২ মিনিটে নিজের হাতে ধারণ করা প্রথম এই সেলফি ভিডিওটি বার্তা হিসেবে প্রকাশ করেন মোদি। ভিডিওতে তিনি বলেন, “প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের।” তিনি দাবি করেন, গত আড়াই মাসে সরকার অপরাধীদের গ্রেপ্তারসহ কঠোর পদক্ষেপ নিয়েছে। এছাড়া শিক্ষার্থীদের যেন কোনো শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সেজন্য দ্রুত সময়ের মধ্যে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পুনঃপরীক্ষা নিয়ে তার ফলাফলও প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও আশ্বাস দেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠন ও কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে, যা দ্রুতই সংসদে পাস করার চেষ্টা করা হবে।

প্রতিবেদনে দাবি করা হয়, প্রকাশের প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩০ কোটি ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে। এর মাধ্যমে বিশ্বখ্যাত মার্কিন অনলাইন স্ট্রিমার ‘আইশোস্পিড’ (ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র)-এর পূর্বের রেকর্ডটি ভেঙে গেছে। আইশোস্পিডের ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে বিটিএস সদস্যদের সঙ্গে সাক্ষাতের একটি ভিডিও ২৪ ঘণ্টায় প্রায় ৩০ কোটি বার দেখার রেকর্ড গড়েছিল।

নরেন্দ্র মোদির এই আকস্মিক বার্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, মধ্যরাতে নিজের হাতে ভিডিও করে প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করেছেন। অন্যদিকে, ক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই এটিকে নিছক রাজনৈতিক চমক ও আইওয়াশ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: দ্য রিপাবলিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *