সকাল থেকেই দিল্লিতে বাড়ছে ভিড়, আন্দোলন ছড়াল বিদেশেও

সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET/নিট)-র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শুরু হওয়া ছাত্র ও নাগরিক আন্দোলন এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে বুধবার সকাল থেকেই ক্ষুব্ধ বিক্ষোভকারীদের ভিড় বাড়তে দেখা গেছে। আন্দোলনকারীদের মূল দাবি-কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ। আন্দোলনের রেশ ভারতের সীমানা পেরিয়ে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সান হোসে থেকে শুরু করে যুক্তরাজ্যের লন্ডন ও আয়ারল্যান্ডের ডাবলিন পর্যন্ত পৌঁছে গেছে।

দিল্লির পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। হাসপাতালে চিকিৎসা গ্রহণরত অবস্থাতেও অনশন চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাঁর সমর্থনে হাজার হাজার আন্দোলনকারী জন্তর মন্তর আঁকড়ে অবস্থান করছেন। অন্যদিকে, আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। গত সোমবার শিক্ষার্থীদের ‘চলো সংসদ’ অভিযানে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস প্রয়োগের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সেখান থেকে রাহুল গান্ধীকে আটক করার পর তিনি সরকারের কাছে শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ, পুলিশি নির্যাতনের বিচার এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া এফআইআর প্রত্যাহারের মতো পাঁচ দফা দাবি উত্থাপন করেন। কেন্দ্র সরকারের এমন অচলাবস্থা দেখে তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য মহুয়া মৈত্র কটাক্ষ করে মন্তব্য করেছেন, সরকারের কাছে এই আন্দোলন এখন ‘আউট অব সিলেবাস’ হয়ে দাঁড়িয়েছে।

দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও এ নিয়ে জোর প্রতিবাদ শুরু হয়েছে। নিউইয়র্কের ইউনিয়ন স্কয়ার এবং সান হোসেতে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন। একইভাবে লন্ডন ও ডাবলিনেও প্রবাসীদের সরব প্রতিবাদ লক্ষ্য করা গেছে।

এদিকে, গত সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সংসদ অভিযানকে কেন্দ্র করে সহিংসতা এবং পরবর্তীতে গত রাতে জন্তর মন্তর চত্বরে ইট-পাটকেল ছোড়ার ঘটনায় রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আন্দোলনকারীদের ওপর দমনপীড়নের প্রতিবাদে ইতোমধ্যে রাজ্যসভায় আলোচনার নোটিশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখ্যসচেতক নাদিমুল হক। শিক্ষাঙ্গনের দুর্নীতি ও শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় গোটা ভারতে চরম রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *