দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সোমবার (২০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী কয়েকদিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি আরও জানিয়েছে, আগামী পাঁচদিন পরও দেশে বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

