প্রধান খবর

ডেমরায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে আত্মহত্যার প্রাথমিক ইঙ্গিত

রাজধানীর ডেমরার রাজাখালী পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্সে মো. সাইদুল ইসলাম (২০) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের ৯ম তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ডেমরা থানা পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্সের সি কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি গোপনে বিয়ে করার পর পারিবারিক ও দাম্পত্য কলহের কারণে তিনি মানসিক চাপে ছিলেন। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি আবেগঘন পোস্টেও তিনি ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন বলে জানা যায়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক ও মানসিক কারণের ইঙ্গিত মিলেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *