প্রধান খবর

পদ্মায় সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ, আহত ৪ জেলে

পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ইসলামপাড়া ঘাটসংলগ্ন পদ্মা নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হামলায় চার জেলে আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার তিলকপুর এলাকার ১০ জন জেলে ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরার সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পরে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে নদীর তীরে নিয়ে গিয়ে মারধর করা হয়। হামলায় সাইদুর মণ্ডল (৬৫), সোহেল রানা (৩৭), মজনু (৪২) ও শিশির আহমেদ (১৮) আহত হন।

আহত শিশির আহমেদের দাবি, দুর্বৃত্তরা তাদের একটি সশস্ত্র বাহিনীর সদস্য সন্দেহে লক্ষ্য করে হামলা চালায়। পরে অন্য জেলেরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, সম্প্রতি একই নদীতে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনার পর নতুন করে এই হামলায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, বিষয়টি তার জানা ছিল না। অন্যদিকে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল ঈশ্বরদী থানার আওতাভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট থানা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *