প্রধান খবর

জলাবদ্ধতা মোকাবিলায় রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা

অতিবৃষ্টির কারণে রেললাইন তলিয়ে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে সমাধানে রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম নগরীর ষোলশহর শমসের পাড়া এলাকায় রেললাইনে জমে থাকা পানি পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রায় ৪৭ কিলোমিটার রেলপথ উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রেললাইন উঁচু করা হলে ভবিষ্যতে পানির উচ্চতা কয়েক ফুট বৃদ্ধি পেলেও ট্রেন চলাচলে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত অতীতের তুলনায় ব্যতিক্রমধর্মী। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোথায় কতটুকু পানি জমছে তার তথ্য সংরক্ষণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে রেল অবকাঠামো আরও টেকসই করা যায়।

যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিরূপ আবহাওয়ার কারণে সাময়িকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেসব যাত্রী ভ্রমণ করতে পারবেন না, তাদের টিকিটের অর্থ নিয়ম অনুযায়ী ফেরত দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *