ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৮৫ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং হাজারো মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় মানবিক সহায়তার ওপর নির্ভরশীল রয়েছেন।
দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, দুর্যোগের পর এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। উদ্ধারকারী দল ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছে। ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, দুর্গত এলাকায় ৯ হাজার ৬০৩ টন খাদ্য ও ৮৩ লাখ ২০ হাজার লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৫ হাজার ৯৭০ জন চিকিৎসাসেবা পেয়েছেন। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সরকারি কর্মী, স্বেচ্ছাসেবক এবং আন্তর্জাতিক উদ্ধারকর্মীসহ ৬২ হাজারের বেশি সদস্য কাজ করছেন। বাস্তুচ্যুতদের জন্য ৮৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রও স্থাপন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এ পর্যন্ত ১ হাজার ৭৬টি পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে। গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। তবে ভারী উদ্ধার সরঞ্জামের সংকটের কারণে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে।

