প্রধান খবর

পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব

বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করতে ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় ফ্লাইট, আবাসন এবং অন্যান্য ভ্রমণসেবাসহ সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন করা যাবে। প্রাথমিকভাবে অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নতুন পদ্ধতিতে পর্যটকেরা একটি প্যাকেজের আওতায় বিমান টিকিট, অনুমোদিত হোটেল বুকিং এবং ই-ভিসা আবেদন সুবিধা পাবেন। পাশাপাশি বিভিন্ন পর্যটন কেন্দ্র, অনুষ্ঠান ও ভ্রমণ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগও থাকবে। এর ফলে পৃথকভাবে ভিসা, টিকিট ও আবাসনের ব্যবস্থা করার ঝামেলা অনেকটাই কমবে।

সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পর্যটন খাত সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে দেশটির পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বীমা কর্তৃপক্ষও যৌথভাবে কাজ করছে।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেন, নতুন ‘প্যাকেজ ভিসা’ পর্যটকদের ভ্রমণকে আরও সহজ, আধুনিক ও নির্বিঘ্ন করবে। একই সঙ্গে ট্রাভেল কোম্পানিগুলোও পর্যটকদের জন্য আরও সমন্বিত ও উন্নতমানের ভ্রমণসেবা প্রদান করতে পারবে বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *