আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই জ্বালানি ব্যবস্থার অংশ হিসেবে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার (৪ জুলাই) যশোর জিলা স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এদিন যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিদ্যুৎ উৎপাদনে ডিজেল, ফার্নেস অয়েল, গ্যাস ও কয়লানির্ভরতা থাকলেও পরিবেশগত ক্ষতির বিষয়টি বিবেচনায় সরকার এখন পরিচ্ছন্ন জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি ২০৩১ সাল পর্যন্ত ইলেকট্রিক বাইকে শুল্ক-কর ছাড় এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ও আনন্দমুখর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী।

