প্রধান খবর

‘জুলাই’কে অশ্লীল ভাষায় কটাক্ষ করা শাওনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা

ছাত্র-জনতার রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থান ও গণবিপ্লবকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ ভাষায় কটাক্ষ করার অভিযোগ উঠেছে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে। তার এমন মন্তব্যকে কেন্দ্র করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। নেটিজেনদের পাশাপাশি সাধারণ ছাত্র-জনতাও এই ঘটনার বিরুদ্ধে রাজপথে নেমে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধৃষ্টতার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি এলাকায় সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীরা শাওনের ছবিতে জুতা নিক্ষেপ করে জুতা-মিছিল বের করেন। বিক্ষোভকারীদের দাবি, ফ্যাসিবাদের সুবিধাভোগী এই তথাকথিত সংস্কৃতিসেবীরা বছরের পর বছর ধরে বিগত সরকারের গুণগান গেয়েছেন। নির্বিচারে মানুষ হত্যার পরও তাদের বিবেক জাগ্রত হয়নি। আজ জুতা নিক্ষেপের মাধ্যমে দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে, গণঅভ্যুত্থানকে অসম্মান করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে।

অভিযোগ উঠেছে, বিগত সরকারের আমলে বিভিন্ন রাষ্ট্রীয় অনুদান, পুরস্কার এবং একচেটিয়া সুযোগ-সুবিধা ভোগ করেছেন মেহের আফরোজ শাওন। প্রচার সেলের সাথে যুক্ত থেকে তিনি নানাভাবে বুদ্ধিবৃত্তিক সাফাই গেয়েছেন বলেও সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে যখন শত শত ছাত্র ও শিশুকে গুলি করে হত্যা করা হচ্ছিল, তখনও তিনি শক্ত কোনো অবস্থান নেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরোক্ষ ইঙ্গিতে জুলাই বিপ্লবকে অত্যন্ত নিচু শব্দ প্রয়োগ করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন তিনি, যা কোটি কোটি মানুষের আবেগে আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়ে একজন নেটিজেন লিখেছেন, “যাঁরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামকে অত্যন্ত নোংরা ভাষা ব্যবহার করে কটাক্ষ করতে পারেন, তাঁরা সুস্থ মানসিকতার মানুষ হতে পারেন না। এরা আসলে বিগত ফ্যাসিবাদের উচ্ছিষ্টভোগী।”

ছাত্র-জনতা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবিলম্বে মেহের আফরোজ শাওনকে তার এই কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এই দোসরকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই তীব্র গণরোষ ও প্রতিবাদের মুখোমুখি হতে হবে। একই সাথে, শহীদদের রক্ত ও সাধারণ মানুষের আবেগকে অপমান করার অপরাধে তার বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *