প্রধান খবর

ভোটার নিবন্ধনে এসে আটক রোহিঙ্গা যুবক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভোটার নিবন্ধনের জন্য আবেদন করতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয়ে সন্দেহজনক তথ্য পাওয়ার পর তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আবেদনকারী স্থানীয় বাসিন্দা পরিচয়ে জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন কাগজপত্র জমা দেন। তবে তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট ঠিকানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া ভাষাগত অসংগতি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদেও বেশ কিছু অসামঞ্জস্য ধরা পড়ে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভুয়া কাগজপত্র ব্যবহার করে একটি দালাল চক্রের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নেওয়ার চেষ্টা করা হয়েছে। আটক যুবকও জিজ্ঞাসাবাদে দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে ভোটার হওয়ার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। উপজেলা প্রশাসন বলেছে, বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *