প্রধান খবর

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১৬ শিশু ভর্তি হয়েছে এবং বর্তমানে ৯৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের বয়স চার থেকে আট মাসের মধ্যে। তারা ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হামের পাশাপাশি কয়েকজন শিশু নিউমোনিয়াসহ অন্যান্য জটিল স্বাস্থ্যসমস্যায়ও আক্রান্ত ছিল।

চলতি বছরের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট দুই হাজার ৩৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে দুই হাজার ২২৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করছে।

এদিকে হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনরা পর্যাপ্ত নিবিড় পরিচর্যা (আইসিইউ) সুবিধার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আইসিইউ সুবিধা দ্রুত সম্প্রসারণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *