স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। তবে ম্যাচ জিতেও রেফারিং নিয়ে ক্ষোভ থামছে না সেলেসাও শিবিরে। ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়ুস জুনিয়র করেছেন জোড়া গোল। হ্যাটট্রিকও হতে পারত, যদি প্রথমার্ধের ২২ মিনিটে তার করা গোলটি বিতর্কিত ভিএআর সিদ্ধান্তে বাতিল না হতো।
ম্যাচের ওই মুহূর্তে ১-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। স্কটল্যান্ড ডিফেন্ডার জ্যাক হেনড্রি নিজের অর্ধে বল ধরে দ্বিধায় ছিলেন। সুযোগ বুঝে ভিনিসিয়ুস বল কাড়েন, বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় দুর্দান্ত ফিনিশিংয়ে জালও খুঁজে নেন। কিন্তু গোল উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেক্সিকান রেফারি সিজার রামোসকে পিচ-সাইড মনিটরে ভিএআর রিভিউ নিতে বলা হয়। রিপ্লে দেখে তিনি সিদ্ধান্ত দেন বল কাড়ার সময় হেনড্রিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস। গোল বাতিলের সঙ্গে সঙ্গে ব্রাজিল ডাগআউটে খেলোয়াড় ও কোচদের ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিতর্কিত সিদ্ধান্তের পরও ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতে নকআউট নিশ্চিত করে। স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ে ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বেড়েছে, তবে রেফারিং নিয়ে অসন্তোষ ম্যাচ শেষে স্পষ্টভাবেই প্রকাশ পেয়েছে।

