প্রধান খবর

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বিশ্বকে সতর্ক করলেন গুতেরেস

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, অঞ্চলটির বর্তমান সংকট কেবল মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরেস বলেন, চলতি সপ্তাহে সংঘাত আরও বিস্তৃত হয়েছে এবং পরিস্থিতির অবনতি ঘটেছে। যেখানে কার্যকর যুদ্ধবিরতি প্রত্যাশিত ছিল, সেখানে এখন সীমিত মাত্রার সংঘর্ষ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কম মাত্রার সংঘাতও যেকোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, চলমান সংকটের সমাধান সামরিক পদক্ষেপে নয়, বরং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সম্ভব। তিনি হামলা ও পাল্টা হামলার পরিবর্তে সংলাপ এবং সমঝোতার পথ বেছে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক অর্থনীতির ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *