ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার দেওড়ানয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। খাওয়ার সময় এক নারী অতিরিক্ত গরুর মাংস সংগ্রহ করছেন এমন অভিযোগকে কেন্দ্র করে খাবার পরিবেশনকারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বিষয়টি উভয় পক্ষের স্বজন ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা বৃদ্ধি পায় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন নারীসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত শহিদ মাতুব্বর, মমতাজ বেগম ও সোহরাব শেখকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

