ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাস। সোমবার (১ জুন) ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পোর্টালে প্রি-এনরোলমেন্ট সম্পন্ন করা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে ভিএফএস গ্লোবাল। এরপর নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থী ভিসা আবেদনের সাক্ষাৎকারের তারিখ জানিয়ে দেওয়া হবে। ফলে আবেদনকারীদের আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না।
নির্দেশনায় আর্থিক গ্যারান্টর বা স্পন্সর সংক্রান্ত বিষয়েও বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা এবং তাদের সন্তানরাও স্পন্সর হিসেবে গ্রহণযোগ্য হবেন। এছাড়া ইতালিতে বসবাসরত আত্মীয়স্বজনও আর্থিক সহায়তাকারী হিসেবে বিবেচিত হবেন।
ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদ জমা দিতে হবে। সনদে শুনতে, বলতে, পড়তে ও লিখতে পারার দক্ষতার পৃথক মূল্যায়ন উল্লেখ থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে একাডেমিক যোগ্যতা যাচাইয়ের জন্য সিআইএমইএ (CIMEA) সনদ অথবা ‘ডিক্লারেশন অব ভ্যালু’ জমা দেওয়ার শর্তও আরোপ করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক-ভর্তি ভিত্তিক শিক্ষার্থী ভিসা আবেদনের শেষ সময় আগামী ২৯ অক্টোবর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নতুন নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।

