ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গিয়ে কাগজপত্রসংক্রান্ত জটিলতায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
জানা গেছে, তার অবস্থান শনাক্ত ও যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত মুক্তির লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার অবস্থান বা আটকের বিস্তারিত কারণ নিশ্চিত করেনি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি সংবেদনশীল হওয়ায় কূটনৈতিকভাবে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক তথ্য না আসা পর্যন্ত পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকছে।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, আহমেদ আলী মুকিব গত ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ছুটি নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি এখনো দেশে ফেরেননি।

