রিয়াল মাদ্রিদের জার্সিতে বড় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপে। আজ শুক্রবার রাতে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামলেই মাদ্রিদের হয়ে শততম ম্যাচ পূর্ণ করবেন ফরাসি সুপারস্টার। তবে এই ম্যাচে তাকে খেলতে হবে বাড়তি সতর্কতা নিয়ে। কারণ আর একটি হলুদ কার্ড পেলেই ১০ মে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে নিষিদ্ধ হবেন তিনি।
লা লিগায় ইতোমধ্যে চারটি হলুদ কার্ড দেখেছেন এমবাপে। ২০২৪ সালের জুনে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে তিনি দলের আক্রমণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। এখন পর্যন্ত করেছেন ৮৫ গোল, সঙ্গে রয়েছে ২৩টি অ্যাসিস্ট।
২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড টানা দ্বিতীয় মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে। তার গোলসংখ্যা ২৪, যা মায়োর্কার ভেদাত মুরিকির চেয়ে তিনটি বেশি। ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকলেও দলগত সাফল্য তেমন একটা আসেনি তার রিয়াল ক্যারিয়ারে। বার্নাব্যুতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কেবল উয়েফা সুপার কাপ ও আন্তঃমহাদেশীয় কাপ জিতেছেন দুটোই ২০২৪ সালে, এবং দুটো ফাইনালেই গোল করেছিলেন তিনি।
তবে লা লিগায় শিরোপা দৌড়ে রিয়াল পিছিয়ে আছে বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট, হাতে রয়েছে ছয় ম্যাচ। ইউরোপ থেকেও বিদায় নেওয়ায় এমবাপের মৌসুম শেষ হতে যাচ্ছে ট্রফিহীনভাবেই।

