সুদূর প্রবাসে যান্ত্রিক জীবনের ব্যস্ততা ঠেলে বাঙালি ঐতিহ্যের আবহে মেতে উঠেছিল সিডনির প্রবাসী বাংলাদেশিরা। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিডনির ক্যামডেন বোটানিক্যাল গার্ডেনের উডল্যান্ড পিকনিক এরিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ‘বৈশাখী বরণ উৎসব’। ১৯ এপ্রিল (রোববার) দুপুরে বাংলাদেশি বন্ধুদের মিলনমেলায় পুরো উদ্যান এলাকা যেন এক খণ্ড বাংলাদেশ হয়ে উঠেছিল। সাজেন ফেরদৌস এবং তার স্ত্রী ইসফাত জাহান ইফুর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই উৎসব প্রবাসী বাঙালিদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।
উডল্যান্ড পিকনিক এরিয়াকে লাল-সাদা রঙের বৈশাখী ফেস্টুন ও হরেক রকমের প্লাকার্ড দিয়ে সাজানো হয়েছিল, যা অংশগ্রহণকারীদের মাঝে বৈশাখী আমেজ তৈরি করে।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল অতিথি ও তাদের পরিবার সমবেত কণ্ঠে “এসো হে বৈশাখ, এসো এসো” গানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান। এরপর কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
বাঙালির চিরায়ত বৈশাখী সংস্কৃতির সঙ্গে সংগতি রেখে খাবারের আয়োজনে ছিল ঐতিহ্যের ছাপ। যৌথ খাবারের আয়োজনে অতিথিরা নিজ নিজ ঘর থেকে তৈরি করে আনা ডজনখানেক ঐতিহ্যবাহী পদ নিয়ে হাজির হন। খাবারের মেন্যুতে ছিল পান্তা ভাত, ইলিশ ভাজা,রকমারি ভর্তা, ডাল, শুঁটকি, চাটনি এবং বাঙালির প্রিয় চা ও পানীয়।
আয়োজক সাজেন ফেরদৌস বলেন, “প্রবাসে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও শাশ্বত ঐতিহ্যকে পরিচিত করিয়ে দেওয়া এবং তা টিকিয়ে রাখাই আমাদের মূল লক্ষ্য।” তিনি অংশগ্রহণকারী সকল বন্ধু ও সুধীজনকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
সহ-আয়োজক ইসফাত জাহান ইফু বলেন, “এ ধরনের সামাজিক মিলনমেলা প্রবাসী বাঙালিদের মধ্যকার পারস্পরিক ভ্রাতৃত্ব ও বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এটি আমাদের সাংস্কৃতিক শিকড়কে বিদেশের মাটিতে আরও সুসংহতভাবে পৌঁছে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস।”

