আন্তর্জাতিক মানের আরেকটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বহুদিন ধরেই চলমান, তবে অগ্রগতি ছিল ধীর। শনিবার পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণস্থল পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের আরও কয়েকজন সদস্য। পরিদর্শন শেষে গণমাধ্যমকে তামিম জানান, পুরো ডিজাইনটি প্রতিমন্ত্রীকে উপস্থাপন করা হয়েছে এবং কিছু পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। তার ভাষায়, পরিবর্তন শুধু পরিবর্তনের জন্য নয় ডিজাইনের কিছু অংশ বাস্তব প্রয়োজনে সংশোধন করতে হবে।
তামিম আরও বলেন, স্টেডিয়ামটি শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাধুলার কথাও মাথায় রেখে নির্মাণ করা হবে। তিনি উল্লেখ করেন, বিসিবির আর্থিক সক্ষমতা তুলনামূলক ভালো হলেও দেশের অন্যান্য খেলাধুলার উন্নয়নেও দায়িত্ব রয়েছে। তাই নতুন স্টেডিয়ামকে বহুমুখী ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা রয়েছে।
ডিজাইন প্রসঙ্গে তামিম জানান, যারা নকশা তৈরি করেছেন তাদের সঙ্গে আবারও আলোচনা হবে। প্রয়োজনে অন্য বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলা হবে। তিনি বলেন, বড় স্টেডিয়াম নির্মাণে সরকারের বড় বিনিয়োগ প্রয়োজন হবে, তাই এনএসসির সঙ্গে সমন্বয় করে এগোতে হবে।

