প্রধান খবর

হরমুজ প্রণালী আবারও উত্তেজনার কেন্দ্রে

বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও অবরোধ জারি করেছে ইরান। শনিবার ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে প্রণালিটির নিয়ন্ত্রণ আগের মতোই সামরিক বাহিনীর হাতে থাকবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে বলেছেন, “হরমুজ প্রণালি ব্যবসা ও জাহাজ চলাচলের জন্য প্রস্তুত হলেও, ইরানের সঙ্গে আমাদের সব লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে।”

এ বক্তব্যের পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক্স-এ পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ বেশি দিন উন্মুক্ত থাকবে না। প্রণালিতে যাতায়াত ইরানের অনুমোদিত পথ অনুযায়ীই চলবে।”

এর আগে শুক্রবার ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতি চুক্তির পর ইরান ঘোষণা করেছিল যে লেবাননে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছিলেন, নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত রুট অনুসরণ করতে হবে।

কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকায় পরিস্থিতি দ্রুত বদলে যায়। যৌথ সামরিক কমান্ডের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, “হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবারও পূর্বের অবস্থায় ফিরে এসেছে।”

এখনো স্পষ্ট নয়, এই পাল্টাপাল্টি অবস্থান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াবে নাকি নতুন কোনো সমঝোতার পথ খুলবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *