১৪৩৩-এর প্রভাতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা: প্রস্তুত চারুকলা

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে এখন পুরোপুরি প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে নববর্ষের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের আনুষ্ঠানিক পথচলা। এই উৎসবের প্রধান আকর্ষণ ‘মঙ্গল শোভাযাত্রা’র সব প্রস্তুতি সোমবারই শেষ করেছেন শিল্পী ও শিক্ষার্থীরা।

এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য হল— ‘নববর্ষের ঐক্য, গণতন্ত্রের পুনরুত্থান’। আয়োজক কমিটির সদস্য অধ্যাপক ইসরাফিল রতন জানিয়েছেন, শোভাযাত্রার জন্য বড় আকারের মোতিফ হিসেবে মোরগ, হাতি ,দোতারা বর্তমানে ঘোড়া ও পায়রার কাঠামো নির্মাণ করা হয়েছে। লোকজ ঐতিহ্যের সরাচিত্র, মাটির টেপা পুতুল এবং বাহারি মুখোশে সেজেছে চারুকলা প্রাঙ্গণ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় চারুকলা অনুষদের উত্তর গেট (৩ নম্বর গেট) থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শুরু হবে। এটি শাহবাগ মোড় হয়ে ইউ-টার্ন নিয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি প্রদক্ষিণ করে পুনরায় চারুকলায় এসে শেষ হবে। সাধারণ দর্শনার্থীদের জন্য সকাল ৮টা থেকেই প্রস্তুতির সুযোগ রাখা হয়েছে।

উৎসব নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যাম্পাসে কোনো ধরনের ব্যাগ বা বাণিজ্যিক মুখোশ পরে প্রবেশ করা যাবে না। তবে চারুকলায় তৈরি শৈল্পিক মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। ভুভুজেলা বাঁশি বাজানো, বেলুন, ফেস্টুন ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, শোভাযাত্রায় কোনো প্রকার ইংরেজি প্ল্যাকার্ড ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।

পহেলা বৈশাখে ক্যাম্পাসের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর ক্যাম্পাসে নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না। যাতায়াতের জন্য শুধু নীলক্ষেত ও পলাশী মোড় সংলগ্ন গেট ব্যবহার করা যাবে। ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে স্টিকারবিহীন সব যানবাহন এবং ১৪ এপ্রিল সারাদিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জাতীয় পরিচয়পত্র বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
টিএসসি এলাকায় মেডিকেল ক্যাম্প ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা ও আর্চওয়ের মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক মনিটরিং করবে প্রশাসন। অসাম্প্রদায়িক চেতনার এই উৎসবকে সফল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *