কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা চালবোঝাই একটি ট্রাক হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি সড়কের নিচে খাদে পড়ে গেলে এর ওপর বসে থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং বাকি ৬ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের স্বজনরা আসার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানিয়েছেন, নিহত ৭ জনই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। গভীর রাতে ট্রাকের ওপর যাত্রী বহন এবং যান্ত্রিক ত্রুটি বা চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

