রাজশাহীতে বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের সঙ্গে আকস্মিক শিলাবৃষ্টিতে ফল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমের গুঁটি বা করালি অবস্থায় এমন দুর্যোগে চাষি ও বাগানিদের মাথায় হাত পড়েছে। জমির পাকা ও আধাপাকা গম কাটার ঠিক আগমুহূর্তে শিলাবৃষ্টির আঘাতে অনেক জমিতে গম মাটিতে লুটিয়ে পড়েছে। কোথাও শিলার আঘাতে পেঁয়াজের কদমের শীষ ভেঙে জমিতে শুয়ে গেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর দুর্গাপুর ও বাগমারা উপজেলার কিছু অংশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এর মধ্যে দুর্গাপুর উপজেলায় প্রায় ২০ মিনিট ধরে তীব্র শিলাবৃষ্টি ঝরেছে। এর আগে বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে আসে, দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় ঝড়, আর কিছুক্ষণের মধ্যেই নেমে আসে শিলাবৃষ্টি।
মাত্র ২০ মিনিটের এই প্রাকৃতিক তাণ্ডবেই জেলায় ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, মৌসুমের শুরুতেই এমন দুর্যোগ তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

