জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় আদালতে হাজির করা হলে ভিড়ের মধ্যে নাজেহাল হন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে সাংবাদিক, আইনজীবী ও পুলিশের অতিরিক্ত উপস্থিতিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
দুপুর প্রায় ১টা ৫৬ মিনিটে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে আদালতে আনা হয় এবং প্রথমে হাজতখানায় রাখা হয়। পরে বিকেল ৩টা ১০ মিনিটের দিকে এজলাসে নেওয়ার সময় ভিড়ের চাপে তিনি বিপাকে পড়েন। এ সময় তার বিরুদ্ধে করা মামলায় দুই দিনের রিমান্ড আবেদন নিয়ে শুনানি শুরু হয়।
মামলার তথ্যানুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগের আজিমপুর এলাকায় আন্দোলন চলাকালে আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বহুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়, যেখানে শিরীন শারমিন চৌধুরীর নামও অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারের আগে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন এবং সর্বশেষ ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালীন বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে, যার কিছু তদন্তাধীন।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি পদত্যাগ করেন।

