প্রধান খবর

জুনে ইউরোপে সফরে যাচ্ছে বাংলাদেশ

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের আগে বড় এক চমক দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘ বিরতির পর ইউরোপ সফরে গিয়ে সান মারিনোর বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। মঙ্গলবার বাফুফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, ৫ জুন ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনোর বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদিও ভেন্যু ও সময় এখনো চূড়ান্ত করা হয়নি।

এই ঘোষণার মধ্য দিয়ে বাফুফের আগের পরিকল্পনায় বড় ধরনের রদবদল লক্ষ্য করা গেছে। মাত্র তিন দিন আগেও জানানো হয়েছিল, জুনের ফিফা উইন্ডোতে মিয়ানমার, থাইল্যান্ড কিংবা মালদ্বীপের সঙ্গে খেলার কথা ভাবছে ফেডারেশন। কিন্তু হঠাৎ করেই ২১১ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা সান মারিনোর সঙ্গে ম্যাচ চূড়ান্ত হওয়ায় ফুটবল মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশের বর্তমান র‍্যাঙ্কিং ১৮১, যা প্রতিপক্ষের চেয়ে ৩০ ধাপ ওপরে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে, ইউরোপীয় কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ফুটবলারদের মানসিক ও ট্যাকটিক্যাল দক্ষতাকে সমৃদ্ধ করবে। তবে বিশ্লেষকরা এই সফরের বিশাল ব্যয় এবং র‍্যাঙ্কিংয়ে এর প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে, দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ড্র বা হারলে বাংলাদেশের পয়েন্ট হারানোর বড় ঝুঁকি রয়েছে।

এরআগে ২০০০ সালে লন্ডনে ভারত ও পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সে হিসেবে এটি দ্বিতীয়বার ইউরোপ যাত্রা হলেও দীর্ঘ ২৬ বছর পর এমন সফর নিশ্চিতভাবেই বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্বকাপের ঠিক এক সপ্তাহ আগে এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *