হলিউড অভিনেত্রী কেট বেকিনসেল দাবি করেছেন, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লাইক দেওয়ার পর তার এজেন্ট তাকে বাদ দিয়েছেন। মার্ক রাফালো অভিনীত Palestine 36 চলচ্চিত্রের প্রচারণামূলক একটি ভিডিওর নিচে মন্তব্য করতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। পরে মন্তব্যগুলো মুছে ফেললেও বিষয়টি দ্রুতই আলোচনায় আসে এ তথ্য জানিয়েছে এন্টারটেইনমেন্ট উইকলি।
বেকিনসেল জানান, বেসামরিক মানুষের ওপর সহিংসতার নিন্দা এবং যুদ্ধবিরতির পক্ষে থাকা একটি পোস্টে তার সামান্য অংশগ্রহণের পরই এজেন্ট তাকে সম্পর্কচ্ছেদের কথা জানায়। তিনি অভিযোগ করেন, একই ধরনের অবস্থান নেওয়া মার্ক রাফালো কোনো প্রতিক্রিয়া না পেলেও তিনি কঠোর পরিণতির মুখে পড়েছেন। তার ভাষায়, “হলিউডে পুরুষ হওয়া সত্যিই অনেক সুবিধা এনে দেয়” ইঙ্গিত করে যে শিল্পে লিঙ্গভিত্তিক বৈষম্য এখনো বিদ্যমান।
অভিনেত্রী আরও দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে রাফালোর সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি। তিনি লেখেন, “১২ বছরের বন্ধুত্বের পর আমার এজেন্ট আমাকে মাত্র দুই লাইনে বরখাস্ত করেছে, অথচ সে জানত আমি তখন ব্যক্তিগতভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এখনো রাফালো বা সংশ্লিষ্ট এজেন্সির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি ইতোমধ্যে হলিউডে রাজনৈতিক মতপ্রকাশ, পেশাগত ঝুঁকি এবং শিল্পে সমান আচরণ পাওয়া নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

