প্রধান খবর

গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন

বরিশালের গৌরনদীতে তেলবাহী একটি লরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের বিস্ফোরণ ও ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সেন্ট পিটার ফিলিং স্টেশন। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নাহার সিনেমা হল সংলগ্ন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। তিনি জানান, পদ্মা ডিপো থেকে পেট্রোলবোঝাই লরিটি তেল সরবরাহের উদ্দেশ্যে স্টেশনে প্রবেশ করছিল। ঠিক সেই সময় হঠাৎ লরিটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝে চালক দ্রুত লরিটি স্টেশন এলাকা থেকে বের করে গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ওপর নিয়ে যান। এতে ফিলিং স্টেশনটি আগুনের কবল থেকে রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

আগুন লাগার সঙ্গে সঙ্গে ফিলিং স্টেশন ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও মো. ইব্রাহীম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *