শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রবিবার বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরের সমাধি কমপ্লেক্সে তিনি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা।
গত ২৫ মার্চ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দায়িত্ব গ্রহণের পরদিনই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নতুন দায়িত্ব পাওয়ার পর তার এসব কর্মসূচি দায়িত্ববোধ ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতি অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

